পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: রাজ্যে আলুর দাম তলানিতে ঠেকেছে। এরই মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকারের বাধায় সমস্যায় পড়েছেন আলু ব্যবসায়ী ও চাষিরা। ব্যবসায়ীরা আলু কেনাবেচায় আগ্রহ হারানোয় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
এই পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি। বৃহস্পতিবার গড়বেতা বিজেপি নেতৃত্বের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা প্রদীপ লোধা সহ অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানিতে প্রশাসনিক বাধার কারণে রাজ্যের বাজারে আলুর অতিরিক্ত জোগান তৈরি হয়েছে। ফলে দাম পড়ে গিয়ে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।
বিক্ষোভ থেকে চাষিদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ করা এবং আলু রপ্তানিতে বাধা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপও দাবি করেন বিক্ষোভকারীরা।

