গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৫ ফেব্রুয়ারি: খানাকুল ও পুরশুড়ার বিজেপি বিধায়কদের নামে পোস্টারে ছয়লাপ। ভোট ঘোষণার মুখে আরামবাগ মহকুমাজুড়ে শুরু পোস্টার রাজনীতি। আরামবাগ, খানাকুল থেকে পুরশুড়ার বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে। খানাকুলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টারে লেখা রয়েছে, ‘বিজেপির লম্পট রাজা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ’। সেখানে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নগ্ন মহিলার সামনে টাকা ওড়াচ্ছে এমনই প্রতীকী ছবি দেওয়া পোস্টার খানাকুলের সর্বত্র সাঁটানো হয়েছে। খানাকুলের বিজেপি বিধায়ককে নিয়ে পোস্টার কাণ্ডের পাল্টা প্রতিবাদে খানাকুল থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী- সমর্থকরা। তৃণমূল নেতাদের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন বিধায়ক।

অন্যদিকে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে পোস্টারে লেখা রয়েছে, ‘বিজেপির কাজ ধর্মের ব্যবসা, মন্দির ভেঙ্গে রাজনীতি করব, পেট্রল পাম্প বানাবো’। যদিও বিমানবাবু পোস্টার সাঁটার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা ও নেত্রীরা পুরশুড়া থানায় বিক্ষোভ দেখান।

বিজেপির দাবি, এই পোস্টার রাতের অন্ধকারে চোরের মতো সাঁটিয়েছে তৃণমূল। দিনের বেলা পোস্টার দেওয়ার সাহস নেই ওদের। ওরা আসলে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে। যদিও পোস্টার মারার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার বলে দাবি করেছে তৃণমূল।


