ছবিসহ নুপুর শর্মার সমর্থনের পোস্টার নবদ্বীপের একাধিক জায়গায়, রাজনৈতিক তরজা তুঙ্গে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুন: নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। যার আঁচ এসে পড়েছে এ রাজ্যেও। নদিয়ার বেথুয়াডহরি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দুদিন আগে, যা নিয়ে এখনো প্রশাসনের দুশ্চিন্তা এতটুকুও কমেনি। তার মধ্যে আবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো বিজেপি নেত্রী নুপুর শর্মার সমর্থনে বজরং দলের তরফে নবদ্বীপের একাধিক জায়গার পোস্টারকে ঘিরে।

সম্প্ৰতি দিল্লিতে নুপুর শর্মার পক্ষে পোষ্টার দেওয়ায় পুলিশ সেই পোষ্টার ছিঁড়ে দেয়৷ যারা এই পোস্টার দিয়েছিল তাদের গ্রেফতার করা হয়। কিন্তু ধর্মীয় মেরুকরণ এত সহজে থামার নয়৷ এবার নুপুর শর্মাকেই হাতিয়ার করতে চলেছে বজরং দল। হিন্দুত্ববাদের ধ্বজা তুলে ধরতে এবার পথে নামছে বজরং দল। তবে এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ পাল বলেন, বিজেপি সহ সমস্ত দলই সাম্প্রদায়িকতার তাস খেলে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ভোটের স্বার্থে। প্রশাসনিক দৃষ্টান্তমূলক শাস্তির দরকার।

বিজেপির নবদ্বীপ শহর উত্তর মন্ডলে পক্ষ থেকে তন্ময় কুন্ডু বলেন, ভোটের স্বার্থে এ রাজ্যে তৃণমূল সংখ্যালঘুদের তোষামোদ করে এসেছে, তার ফল ভুগতে হচ্ছে এখন। সনাতনী রীতিনীতি ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের যতরকম আপত্তি। জাকির নায়েক সহ বহু মৌলবী যে কথা বলেছেন, তার পুনরাবৃত্তি করে তার ভুল ব্যাখ্যা করে, সংখ্যালঘুদের খেপিয়ে সনাতনীদের উপর আক্রমণ চালাচ্ছে। নুপুর শর্মা ঠিক কি বলেছিলেন তা কতজন জানেন এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *