তৃণমূল নেতাদের দল ছাড়ার হুমকি দেওয়া মাও নামাঙ্কিত পোষ্টার পুরুলিয়ার বরাবাজারে

সাথী প্রামানিক, বরাবাজার, ১৭ আগস্ট: তৃণমূল নেতাদের দল ছাড়ার হুমকি দেওয়া মাও নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হল পুরুলিয়ার বরাবাজারে। ওই ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ ভোরে প্রচুর মাওবাদী নামাঙ্কিত পোষ্টার দেখতে পান গ্রামবাসীরা। তাঁরাই খবর দেন স্থানীয় পুলিশ কর্মীদের।

বরাবাজার গ্রাম পঞ্চায়েত, বেড়াদা গ্রাম পঞ্চায়েত ও তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত ৮টি পোষ্টার উদ্ধার করে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকি এবং টাকা নিয়ে জঙ্গলে দেখা করার বার্তা দিয়ে পোষ্টার সাঁটানো হয়েছে। তবে লাল কালিতে সাদা কাগজের উপর লেখা এই পোষ্টারগুলির সাথে মাওবাদীদের যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিকরা। সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে পোস্টারগুলোর লেখার ধরণ দেখে বরাবাজার ব্লকের তৃণমূল নেতা তথা সদ্য দায়িত্ব পাওয়া স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল মাহাতো মনে করছেন এক শ্রেণির মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে পোষ্টার লাগিয়ে মাওবাদী তকমায় সরকারি চাকরি করতে চাইছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প সমাজ উন্নতির পথে রয়েছে। কাজেই এই এলাকায় মাওবাদীদের নাম নেই। তাদের নাম করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই কৌশল অবলম্বন করছে কিছু লোকজন। তবে পুলিশ সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এদিকে এই পোষ্টার কাণ্ডের পর বেশ কিছু তৃণমূল ব্লক নেতা মোবাইল ফোন ‘সুইচ অফ’ রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *