পুরুলিয়ার বরাবাজারে ফের মাও নামাঙ্কিত পোস্টার

সাথী দাস, পুরুলিয়া, ২৭ জানুয়ারি: পুরুলিয়ার বরাবাজারে ফের মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল। ঝাড়খন্ড সীমানা লাগোয়া বরাবাজারের লালডি গ্রামে স্থানীয়রা পোস্টারগুলি দেখতে পান। পরে পুলিশ পোস্টারগুলি তুলে থানায় নিয়ে যায়। পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে মাওবাদীদের দলে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি কিষানজির মৃত্যু বদলা চেয়েও পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ, ঘটনাস্থলের সাড়ে তিন কিলোমিটারের মধ্যেই সি আর পি এফের একটি ক্যাম্প রয়েছে। মাও নাশকতা রুখতে ও নজরদারির জন্য। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশেষ তল্লাশি চালায় পুলিশ। তার মধ্যেই এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে পুলিশের।

তবে, এই প্রথম নয় মাঝেমধ্যেই মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় বরাবাজারে। বেড়াদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকুরচাড়ি মোড় সংলগ্ন এলাকায় ৯ জানুয়ারি মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। 

পোস্টার প্রসঙ্গে বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা প্রতুল মাহাতো বলেন, “এটা বিরোধীদের চক্রান্ত। ভুল বুঝতে পেরে এখন বিজেপি ও সিপিএম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছু মদ্যপকে দিয়ে এই সব কাজ করাচ্ছে বিরোধীরা। এটা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বার বার এইভাবে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *