তৃণমূলে ফেরায় কাঁটা, রাজীবের বিরুদ্ধে পোস্টার পড়ল ডোমজুড়ে

আমাদের ভারত, হাওড়া, ৯ জুন: গদ্দার বেইমানদের কোনওভাবেই দলে ফেরত নেওয়া যাবে না। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টের পরের দিন বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ের শলপ বাজারে রাজীব বিরোধিতায় পোস্টার পড়ল। আর এই পোস্টারক ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ে।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজীব। ভোটে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে পরাজিত হন। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দলের সঙ্গে রাজীবের ব্যাবধান বাড়তে থাকে। সেই ব্যবধানের রেশ পড়ে মঙ্গলবার রাজ্য কমিটির পযালোচনা বৈঠকে। ওই বৈঠকে রাজীবের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরী করে‌। সূত্রের খবর, দলের বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায় এমনকি মমতাকে ব্যক্তিগত আক্রমনের বিরোধিতা করেন তিনি। আর তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট। যেটাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল‌ পড়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলে যোগ দিচ্ছেন এই প্রশ্নই ঘুরছে সকলের মুখে মুখে ‌‌। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বুধবার ডোমজুড়ে তার বিরোধিতায় পোস্টার পড়ল।

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, যারা যুদ্ধের সময় দলকে বিপদের মুখে ঠেলে চলে যায় তাদেরকে গদ্দার মীরজাফর বলা হয়। আর এইসব গদ্দার মীরজাফরদের তৃণমূলে কোনও জায়গা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *