জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: বুধবার সকালে লালগড় থানার পাথরডাঙ্গা এলাকা থেকে মাওবাদীদের নামে লেখা কয়েকটি পোস্টার উদ্ধার হয়েছে। এদিন সকালে জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে পোস্টারগুলি পড়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তারাই স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি জানালে খবর যায় লালগড় থানায়। থানা থেকে পুলিশ গিয়ে পোস্টারগুলি তুলে নিয়ে যায়।
সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলিতে বর্তমান রাজ্য সরকারকে ফ্যাসিবাদী এবং টিএমসি নেতাদের পুলিশের দালাল উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেইসঙ্গে বালি মাফিয়াদের গণ আদালতে বিচার করার হুমকি দেওয়া হয়েছে। পোস্টারগুলির নিচে লিখা ছিল সিপিআই মাওবাদী এবং পিএলজিএ।

