বিজেপির সাংসদ ও বিধায়কের ছবি দিয়ে নিখোঁজ পোস্টার রঘুনাথপুর বিধানসভা এলাকায়

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুলাই: মানুষের ভোটে জেতার পর বিজেপির সাংসদ, বিধায়করা আজ কোথায়? এলাকায় আর দেখতে পাওয়া যাচ্ছে না তাঁদের। এই অব্যক্ত প্রশ্ন নিয়েই এবার বিজেপি সাংসদ ও বিধায়কদের ছবি সহকারে একের পর এক নিখোঁজ পোস্টার পড়ল রঘনাথপুর বিধানসভার অন্তর্গত সাঁতুড়ি ও নিতুড়িয়া ব্লকের বিভিন্ন জায়গায়। পোস্টার দিতে দেখা গেল বিজেপির কর্মীকেই।

রঘুনাথপুর বিধানসভার বিজেপির বিধায়ক বিবেকানন্দ বাউরি এবং বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের ছবি সহকারে পড়ল পোস্টার। এলাকার বিভিন্ন প্রান্তে নিখোঁজ পোষ্টার দিতে দেখা গেল বিজেপির যুব কর্মী অঞ্জন গোস্বামীকে।

দলের সাংসদ বিধায়কদের নিয়ে বিজেপি কর্মীরই এমন পোস্টার দেওয়ার বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিজেপি কর্মীদের মনের দুঃখ বেদনা আজ বেরিয়ে এসেছে। আজ শুধু বিজেপি কর্মীরাই নন সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন নির্বাচনে জয়লাভের পর থেকে বিজেপি বিধায়ক ও সাংসদের দেখা পাওয়া যাচ্ছে না এলাকায়।

যদিও পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা এই বিষয়ে বলেন, “যদি কেউ এই ধরনের পোস্টার দেয় তো সে বিজেপি কর্মী হতে পারে না। এই পোস্টার পড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই সরাসরি তিনি দায়ী করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *