সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ আগস্ট: তৃণমূল নেতাদের উদ্দেশ্যে সাঁটানো পোষ্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের মেজিয়া বিদ্যুৎ প্রকল্প এলাকায়।
আজ সকালে বিদ্যুৎ প্রকল্প লাগোয়া হাঁসপাহাড়ি মোড়ে একটি বাসযাত্রী প্রতীক্ষালয়ের দেওয়ালে সাঁটানো তিনটি পোষ্টার স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই হৈ চৈ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই পোষ্টার ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। কে বা কারা এই পোষ্টার দিয়েছে তার কোনও উল্লেখ না থাকলেও অনেকেই মনে করছেন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে ঠিকা কাজ না পেয়ে কেউ একাজ করেছে। এর মধ্যে আবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে।

তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, ঘোলা জলে মাছ ধরতে বিরোধীদের এটা চক্রান্ত। ওই পোষ্টার ডাইরির পাতা ছিঁড়ে লেখা হয়েছে। একেবারে কাঁচা হস্তাক্ষর। তাতে প্রায় সব বানানই ভুল। একটিতে লেখা, “দিদি তুমি হনেক/ কীছু দিচ্ছো তুমার/ নেতারা চোর/ সোব চূরী করে।” আরেকটিতে লেখা- “MTPS (পড়া যাচ্ছে না)/ D.V.C. TMC/ ছেলেরা কাজ পাচ্ছে না/ টাকা যার কাজ তার/ সোভ চোর ।” অন্যটিতে লেখা হয়েছে- “TMC পঠি/ TMC নেতার / 3 টা 4 টা বোও/ সোব চূরী করে।”
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মন্ডল ও টেট, এসএসসি নিয়ে গোটা রাজ্য যখন তোলপাড় সেই সময় এই ধরনের পোষ্টার ঘিরে জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে এসবকে পাত্তা দিতে রাজি নন তৃণমূল নেতারা। গঙ্গাজলঘাঁটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার বলেন, পোষ্টারে কারো নাম বা দলের উল্লেখ নেই। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতেই কেউ স্কুল পড়ুয়া কাউকে দিয়ে লিখিয়ে এগুলি সাঁটিয়েছে। সৎ সাহস থাকলে নাম দিক। ইন্দ্রজিৎ কর্মকারের দাবি এটা সিপিএম, বিজেপির লোকেরাই করেছে।

অন্যদিকে গঙ্গাজলঘাঁটির বিজেপি নেতা ভাস্কর লাহা বলেন, বিজেপি এই নোংরা কাজ করে না। ওটা তৃণমূলে দম বন্ধ হয়ে থাকা কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

