আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ মার্চ:
উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে গরু পাচার ও দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল। পোস্টারের নিচে লেখা প্রচারে বনগাঁ উত্তর বিধানসভা বিজেপি বাঁচাও কমিটি। যদিও বিধায়কের অভিযোগের তীর তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার থেকেই বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় এমন পোস্টার, যাতে লেখা ‘দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎ দাস দূর হাটো’ পাশাপাশি পোস্টারে উল্লেখ করা বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কাজকর্মের মূল পান্ডা এই বিশ্বজিৎ দাস। এ ব্যাপারে বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, ঘটনার সাথে জড়িত তৃণমূল কংগ্রেস। হার নিশ্চিত জেনে এমন কাজ করছে তৃণমূল।

বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, এই বিষয়ে বিজেপির কোনও যোগ নেই, তৃণমূল এই কাজ করেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা গোপাল শেঠ। তাঁর দাবি এটা বিজেপির গোষ্ঠী কোন্দল যার বহিঃপ্রকাশ এই পোস্টার। রাজনৈতিক মহলে জল্পনা, বিশ্বজিৎ দাসের টিকিট পাওয়া আটকাতেই ষড়যন্ত্রকারীরা এই পোস্টার দিয়েছে।

