আমাদের ভারত, ৪ জুন:মেইল করে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে পারবেন ঘরছাড়ারা। লিগাল সার্ভিস কর্তৃপক্ষকে মেইল করে অভিযোগ জানানো যাবে। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই ঘরছাড়াদের বাড়িতে ফেরাতে তিন সদস্যের কমিটিও গঠন করেছে আদালত। এই কমিটিতে রয়েছেন রাজ্য, কেন্দ্রের মানবাধিকার কমিশনের সদস্য, রাজ্য লিগাল সার্ভিস কমিটির সদস্যরা। এরপর শুক্রবার বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয় রাজনৈতিক হিংসার কারণে যেসব ঘরছাড়ারা এখনো পর্যন্ত ঘরে ফিরতে পারেননি তারা মেইল করে লিগাল সার্ভিস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই তালিকা আদালতকে জানাবে। এরপর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
২মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক হিংসার খবর উঠে এসেছে। বিজেপি সহ বিরোধী দলগুলির অভিযোগ তাদের বহু নেতাকর্মীদের হিংসার কারণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এমনকি খোদ রাজ্যপাল জাগদীপ ধনখড় অসমে গিয়ে এমনি বেশকিছু ঘরছাড়াদের সাথে দেখা করেছেন। অন্যদিকে রাজ্যের এই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিমকোর্টে সিট গঠনের আবেদন জানিয়েছেন ৬০০-র বেশি শিক্ষাবিদ ও দুই হাজারেরও বেশি মহিলা আইনজীবী। অন্যদিকে এই একই বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন ১৪৬ জন বিশিষ্ট জন।

