কবর থেকে দেহ তুলে পুনরায় করা যাবে ময়নাতদন্ত, জলপাইগুড়ির সরকারি হোমে বিচারাধীন কিশোরের মর্মান্তিক ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ ফেব্রুয়ারি: জলপাইগুড়ির সরকারি কোরক হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত শুরুর নির্দেশ। কবর থেকে দেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে পারবে সিবিআই। আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

জলপাইগুড়ির সরকারি কোরক হোমে বিচারাধীন নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে তদন্ত শুরু করতে হবে। মৃতের দেহ কবর থেকে তুলে ময়নাতন্তও করতে পারবে সিবিআই। আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির কোরক হোমে মাদক মামলায় ধৃত এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই কিশোরের জামিনের আবেদনের শুনানি চলছিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে। কিশোরের মৃত্যুর খবর পেয়ে গত জানুয়ারি মাসে সার্কিটের তৎকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং সিদ্ধার্থ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ বিস্ময় প্রকাশ করেছিলেন কেন জামিনের মামলা চলাকালীন কিশোর আত্মহত্যা করবে? সব পক্ষের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় ডিভিশন বেঞ্চ। সরকারি রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন খোদ সরকারি আইনজীবীরাই। সেই মামলাতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দেন এখনকার ডিভিশন বেঞ্চ।

সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, এই মামলায় সিবিআই তদন্তের কোনো দাবি ছিলো না। এই ঘটনায় যে সমস্ত অথরিটি আছে তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে কি না সেই বিষয়ে আদালত নিজস্ব একটা এনকোয়ারি করেছে। আদালত নাবালকের মায়ের সাথে কথা বলেছে। তার পরেই আদালত শুয়োমোটো একটি নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এই ঘটনা হত্যা নাকি আত্মহত্যা সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মৃত নাবালকের দেহ কবর থেকে তুলে পুনরায়
সিবিআই এক্সিকিউটের উপস্থিতিতে ময়না তদন্তের নির্দেশের কথা বলা হয়েছে। এই নির্দেশের বিষয়ে সিবিআইয়ের সাথে যোগাযোগের জন্য আদালতের রেজিস্টারকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ বলে জানান তিনি।

এদিকে লাবু ইসলামের আইনজীবী সুমন শেহানবিশ বলেন, এই ঘটনার তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্ট নিয়ে অসঙ্গতির কথা গতকাল আদালতে বিচারপতিদের সামনে তোলা হয়েছিল। সেই অনুসারে আজ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *