অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১০ জুন: ‘সন্দেহজনক প্রতিষ্ঠান’ বলে চিহ্নিত ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সমস্ত ব্যাঙ্ক একাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংগঠনের তরফে এর প্রতিবাদ জানানো হয়।
সংগঠণের দাবি, “পপুলার ফ্রন্ট একটি সামাজিক সংগঠন। এটি সবসময়ই মজলুম বা অত্যাচারীতদের পাশে থাকে এবং অন্যায়ের প্রতিবাদ করে থাকে। দেশের ফ্যাসিবাদী শক্তি বা আরএসএস-সংঘ পরিবারের বিরুদ্ধে সব সময় আপসহীন অবস্থান রাখে। এই জন্য পপুলার ফ্রন্টকে দমন করার জন্য ইডিকে আরএসএস তার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।“
মুর্শিদাবাদে তিনপাকুরিয়া পঞ্চায়েতের পাশে বুলিয়ানে চৌধুরী ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে এদিন অভিযোগ করা হয়। সংগঠনের তরফে মহম্মদ কামাল বসির জামাল এই প্রতিবেদককে বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অগণতান্ত্রিক ভাবে সংগঠনের ৩১টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে।“
ইডি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র নানা কাজে সন্দেহ ও অভিযোগ উঠছে। আইন মেনেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।

