রাজেন রায়, কলকাতা, ২৮ অক্টোবর: দশকের পর দশক ধরে ধোঁয়াশার রাজনীতি করে গিয়েছে কংগ্রেস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের সিদ্ধান্তহীনতার ফল ভুগতে হয়েছে সাধারণ দেশবাসীকে। আর সেই কারণেই দেশবাসী তাদের বর্জন করেছেন। তাই বিজেপি সরকারের বিকল্প হিসেবে শক্তি বাড়াবে তৃণমূল। এবার এমনটাই লেখা উঠে এল জাগো বাংলার সম্পাদকীয় লেখাতে।
ভিনরাজ্যে শক্তি বাড়ানোর কাজে তৃণমূলের তৎপরতা বহাল থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দিনে এভাবেই দলীয় মুখপাত্র জাগো বাংলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। জাগো বাংলা সম্পাদকীয়তে আজ লেখা হয়েছ, “ট্যুইটেই সীমাবদ্ধ কংগ্রেস। জোট তৈরির কার্যকরী পদক্ষেপ নেই। ২০১৪, ২০১৯ লোকসভায় কংগ্রেস ডুবিয়েছে। কংগ্রেস নিজেদের সমস্যায় জেরবার। রাজপথে নেই, লাগাতার আন্দোলনে নেই। বিজেপিকে কী ভাবে হারাতে হয় তা আমরা দেখিয়েছি। আমরা কি ওদের জন্যে বসে থাকব?” এর পরেই তৃণমূলের নিদান, “কংগ্রেসের ভরসায় বসে থাকা যাবে না। শক্তি বাড়াতেই থাকব আমরা।”
রাজনৈতিক মহল বলছে বিজেপির দুর্গের উপর নজর রয়েছে কংগ্রেস-তৃণমূল দুই শিবিরেরই। আর এই কারণে গোয়ায় লড়াইটা কার্যত তিনমেরুর। এই কারণে বিজেপি-কংগ্রেস একযোগে তৃণমূলকে গোয়ার রাজনৈতিক পর্যটক বলছে। এদিকে এত দিন নরমে-গরমে বার বার নিজেদের অবস্থান বুঝিয়ে এসেছে তৃণমূল। আর সেই অবস্থানে যেন আরো স্পষ্ট জাগো বাংলার সম্পাদকীয় লেখায়।

