প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ডিসেম্বর: ভাটপাড়া পৌর এলাকায় পুকুর ভরাট করাকে কেন্দ্র করে জোর তর্জা শুরু সাংসদ অর্জুন সিং ও পৌর প্রশাসক গোপাল রাউতের মধ্যে। অর্জুন সিং’কে চোর বললেন পৌর প্রশাসক।
ভাটপাড়া পৌর এলাকায় একের পর এক পুকুর ভরাট হচ্ছে আর সেগুলি ভাটপাড়া পৌর প্রশাসকের নির্দেশেই চলছে, ভাটপাড়া পৌর সভার মুখ্য প্রশাসক গোপাল রাউতের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অপর দিকে সাংসদ অর্জুন সিং’কে চোর বলে অভিযোগ করলেন ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে ফের একবার ভাটপাড়া পৌর এলাকার বিভিন্ন দুর্নীতির প্রকাশ্যে চলে এল। যাতে ফের সরগরম হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। বিগত কয়েক দিন ধরে ভাটপাড়া পৌর এলাকার বেশ কয়েকটি পুকুর ভরাট করার ঘটনা ঘটছিল। আর সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বারবার পুকুর বুঁজিয়ে ফেলা আটকেও দিয়েছেন ভাটপাড়া পৌর সভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত। কিন্তু এই ঘটনা গুলিকে সম্পূর্ণ সাজানো বলেই অভিযোগ করেছেন সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, যেখানে যেখানে পুকুর ভরাট করতে টাকা পাচ্ছেন পৌর প্রশাসক সেখানে পুকুর ভরাট হচ্ছে।
এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভাটপাড়া পৌর এলাকার ৩৪ নং ওয়ার্ড ও ৩৫ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে, যেগুলি পৌর প্রশাসক গোপাল রাউত গিয়ে বন্ধ করে দিলেও আবার ভরাট করা শুরু হয়েছে। আসলে উনি যেখান থেকে টাকা পাচ্ছেন সেখানে পুকুর ভরাট করার কাজ চলছে আর যেখানে টাকা পাচ্ছেন না সেখানে পুকুর ভরাট সাময়িক বন্ধ থাকছে উনি টাকা পেলেই আবার ভরাট করার কাজ শুরু হয়ে যাচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টাকা দিলে সব বেআইনি কাজ করা যায়। টাকা দিলেই এই রাজ্যে যা ইচ্ছা তাই করা যায় এই তৃণমূলের রাজত্বে। এখানে পুলিশ প্রশাসন, পার্টির লোকেরা সবাই এই সব কাজে জড়িত। তাই এই পুকুর ভরাট বন্ধ করার যে ঘটনা সেটা সম্পূর্ণ একটা নাটক।”
সাংসদের এমন অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ভাটপাড়ার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত।তিনি অর্জুন সিং’কে চোর বলে পাল্টা অভিযোগ করেছেন। তিনি এদিন ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “অর্জুন সিং যখন ভাটপাড়ার
চেয়ারম্যান ছিলেন তার আমলে যে বেআইনি কাজ হয়েছে সেই সব কাজ আমার আমলে আমি হতে দিচ্ছি না। অর্জুন সিং তো একজন চোর। আমি চোর নই। অর্জুন সিং তার সময়ে ভাটপাড়া পৌর এলাকার অনেক পুকুর ভরাট করেছে, আমি তার সঙ্গে সেই সময় ছিলাম কিন্তু উনি চেয়ারম্যান ছিলেন বলে আমি ওনার বেআইনি কাজের প্রতিবাদ করতে পারিনি। তবে এখন যদি কোথাও এই ধরনের বেআইনি কাজ হয় পৌর এলাকায় তাহলে আমাকে বলুন। আমি কঠোর ব্যবস্থা নেবো। আর অর্জুন সিং আমার বিরুদ্ধে পুকুর ভরাট করার জন্য যে টাকা নিয়েছি বলছেন সেটা প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে।”
তবে ভাটপাড়াতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও পৌর প্রশাসক গোপাল রাউতের মধ্যে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তা নিয়ে জোর আলোচনা হচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে।

