মাস্ক নিয়ে উলুবেড়িয়ায় পুলিশের নরম গরম দাওয়াই

আমাদের ভারত, হাওড়া, ২৭ এপ্রিল: করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাস্তায় বের হওয়ার সময় মাস্ক পরা বিশেষ প্রয়োজন। যদিও একশ্রেণির মানুষ সরকারের পাশাপাশি চিকিৎসকদের এই সতর্কবার্তায় কান না দিয়ে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় সংক্রমণের রাশ কিছুতেই কমানো যাচ্ছে না। আর এই মাস্ক সচেতনতায় এবার নরম গরম দাওয়াই দিতে পথে নামল উলুবেড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ একদিকে মাস্ক পরা মানুষের হাতে গোলাপ তুলে দিল অন্যদিকে সেইরকম মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় দুজনকে গ্রেফতার লও করল পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়াতেও করোনা সংক্রমণের গ্রাফ উধ্বমুখী। বিশেষ করে উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্ত যথেষ্ট ভাবিয়ে তুলেছে প্রশাসনের কর্তাদের। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত উলুবেড়িয়া পুর এলাকায় আক্রান্তের সংখ্যা ২৯০। যার মধ্যে ২৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন যদিও ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এদিকে দিনের পর দিন উলুবেড়িয়া পুর এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগনকে সচেতন করার কাজ শুরু হয়েছে। বিশেষ করে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। যদিও একশ্রেণির মানুষের মাস্ক না পরার প্রবনতা প্রশাসনের এই উদ্যোগকে পিছিয়ে দিচ্ছে। আর এইসব মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথে নামল উলুবেড়িয়া থানার পুলিশ।

মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর‌ নেতৃত্বে পুলিশের একটি টিম উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে অভিযানে নামে। এদিনের এই অভিযানে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যেমন গোলাপ উপহার দেওয়া হয়, অন্যদিকে সেইরকম মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য দুজনকে গ্রেফতার ও করা হয়।

পুলিশ প্রশাসন সূত্রে খবর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পুলিশের এই অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *