সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ আগস্ট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নার্সিংয়ের ছাত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগে এক পুলিশ কর্মীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার। ধৃত ওই পুলিশ কর্মীর নাম উত্তম সরকার।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম উত্তম সরকার। সে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে আসানসোলে রাজ্য পুলিশের ৭ নম্বর ব্যাটেলিয়নের একজন কনস্টেবল হিসেবে কর্মরত। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে উত্তম সরকারের সঙ্গে আলাপ হয় উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর। সে নার্সিং নিয়ে পড়াশোনা করে। তারপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই পুলিশ কর্মী ওই যুবতীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করে। বর্তমানে ওই যুবতী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ওই ছাত্রী উত্তমকে বিয়ের প্রস্তাব দিতেই বেঁকে বসে উত্তম। উপায় না পেয়ে গত ২২ মার্চ উত্তমের বিরুদ্ধে গোপালনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।

ঘটনার তদন্তে নেমে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ এলাকা থেকে অভিযুক্ত পুলিশ কর্মী উত্তম সরকারকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

