আমাদের ভারত, মালদা, ২১ নভেম্বর: মালদার চাঁচোল থানার জালালপুরের এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করল পুলিশ। উটগুলিকে উদ্ধার করে চাঁচোল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল বলেন, জালালপুরের এক বাঁশ বাগানে উটগুলি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। খবর পেয়ে উটগুলিকে উদ্ধার করে চাঁচোল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরোও বলেন, আমাদের অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়। তবে উটগুলি কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওই এলাকায় কিভাবে উটগুলি আসলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও পুলিশের অনুমান উট গুলি পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উটগুলি উদ্ধার করে চাঁচোল থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে চাঁচোল থানায় রয়েছে এই পাঁচটি মরু প্রাণী। উটের খাদ্য নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এ নিয়ে তারা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছে।

