জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ আগস্ট:
রবিবার বিকেলে শালবনি থানা এলাকার ভাদুতলা থেকে সংজ্ঞাহীন এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এদিন চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুরগামী একটি বাসে মৌপাল গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন সন্ধ্যা দাস (৬২) নামে ওই মহিলা। ভাদুতলা বাসস্ট্যান্ডে নামার পর তিনি ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকেন। সেই সময় ভাদুতলা মোড়ে নাকা চেকিং ডিউটিতে থাকা শালবনি থানার এসআই মুরারী মোহন দাস তাকে দেখতে পেয়ে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এবং ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ওই মহিলার জ্ঞান ফিরলে তার মেয়ে-জামাইকে খবর দেওয়া হয়। সন্ধে নাগাদ তারা হাসপাতলে পৌঁছান।

