স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ আগস্ট: আলিপুরদুয়ার থেকে হারিয়ে যাওয়া এক বালিকাকে উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ ও চাইল্ড লাইন। চাইল্ড লাইনের তরফে জানানো হয়, রবিবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায় এক বালিকাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় মানুষজন। দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা খবর দেন কালিয়াগঞ্জ থানার পুলিশ ও জেলা চাইল্ড লাইনে। খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্য বিপুল দাসের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানার পুলিশ ওই বালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই বালিকার নাম অনিতা সাহা, তার বাড়ি আলিপুরদুয়ারের হাতিপোঁতা বাজার এলাকায়। মেয়েটি কোনওভাবে ট্রেনে চেপে চলে আসে কালিয়াগঞ্জ শহরে। ওই বালিকাকে আপাতত রায়গঞ্জের সিএনসিপি হোমে রাখা হবে এবং সে যে ঠিকানা জানিয়েছে তা খতিয়ে দেখবে চাইল্ড লাইন বলে জানান চাইল্ড লাইনের সদস্য বিপুল দাস।

তিনি বলেন, ইতিমধ্যেই কালিয়াগঞ্জ থানার পুলিশ আলিপুরদুয়ার পুলিশের সাথে যোগাযোগ শুরু করেছে। তার বাবা-মায়ের খোঁজ পেলেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।


