আলিপুরদুয়ারে ৯ লক্ষ টাকার অসম মদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ট্রাক চালক

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৭ সেপ্টেম্বর: নাকা চেকিংয়ে এবার বড়সড় সাফল্য পেল বীরপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ৪৮নম্বর এশিয়ান হাইওয়ের ওপর বীরপাড়া চৌপথিতে নাকা চেকিং চলাকালীন একটি ট্রাক থেকে প্রায় ৯ লক্ষ টাকা বেআইনি অসম মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ভিনরাজ্যের এক  ট্রাক চালককে।

মাত্র কয়েকদিন আগেই বীরপাড়া থানার অ্যান্টি স্কোয়াড টিম ৪৮নম্বর এশিয়ান হাইওয়েতে এথেলবাড়ি চৌপথিতে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ গাঁজা উদ্ধার করেছিল। এবার বীরপাড়া থানার পুলিশ বেআইনি অসম মদ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল। পুলিশ থেকে জানা গেছে বেআইনি মদ বোঝাই গাড়িটি অসমের দিক থেকে শিলিগুড়ি হয়ে বিহারের দিকে যাচ্ছিল। বীরপাড়া চৌপথিতে নাকা চেকিং পয়েন্ট লরিটিকে আটক করে পুলিস তল্লাশি চালাতেই অসমে তৈরি মোট ১০০০ হাজার মদের বোতল উদ্ধার হয়।যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রেফতার করা হয় ট্রাক চালক ফিরোজ আহমেদকে। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জেলার পুলিস সুপার ভোলানাথ পান্ডে বলেন, ”বীরপাড়ায় একটি লরি আটক করে ৮ লাখ ৯০ হাজার ৪০০ টাকার বেআইনী মদ উদ্ধার করা হয়েছে। লরি চালকের কাছে ওই মদের বৈধ কাগজপত্র মেলেনি। চালককে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়েছে।“

এদিকে পুলিশ নিশ্চিত, এই বেআইনী মদ পাচারের সঙ্গে আন্ত:রাজ্য চক্র যুক্ত আছে। ওই আন্ত:রাজ্য চক্রের চাঁইদের নাগাল পেতেই পুলিস ধৃত লরি চালক ফিরোজ আহমেদকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে দুষ্কৃতীরা অবৈধ মদ পাচারের কৌশল বদলাচ্ছে। লরিটিতে চালের ভুষির বস্তা ছিল। পুলিস ও সাধারণ মানুষের চোখে ধুলো দিতে সেই বস্তার মধ্যে থাকা ভুষির ভেতরে মদের বোতলগুলি লুকিয়ে পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের এই কৌশল দেখে তাজ্জ্বব পুলিশ কর্তারা। উদ্ধার হওয়া অসমের ওই বিপুল বেআইনী মদ আবগারী দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

এদিকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে অসমে তৈরি বেআইনী মদ পাচারের রুট হয়েছে আলিপুরদুয়ারের ৩১সি জাতীয় সড়ক ও ৪৮নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক। একটানা নাকা চেকিংয়ে বীরপাড়া থানার অ্যান্টি স্কোয়াড টিমের একের পর এক মদ ও গাঁজা উদ্ধারের সাফল্যই তারই বড় প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *