সাথী দাস, পুরুলিয়া, ২২ অক্টোবর: ঝালদায় সুবর্ণরেখা নদীর পাশ থেকে মাটি খুঁড়ে এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

২১ অক্টোবর ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের কুদলং গ্রামের রবীন্দ্রনাথ কুইরির মেয়ে সীমা কুইরি(১৯) মারা যায়। সেই রাতেই তাকে পরিবারের লোক পাশের সুবর্ণরেখা নদীর ত্রিবেণী ঘাটে পুঁতে দেয়। সকাল হতেই খবর চাউর হয় এলাকায়। খবর যায় ঝালদা থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। পৌঁছান ঝালদা ২ ব্লকের বিডিও। যান মৃতার পরিবারের লোক। সেখানে মৃতার বাবা দেখিয়ে দেন মেয়েকে পুঁতে রাখার জায়গা। সেখান থেকে মাটি খুঁড়ে দেহ উদ্ধার হয় বিকেলে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে।

তরুণীর মৃত্যুর কারণ এবং ময়না তদন্ত না করেই রাতারাতি মাটিতে দেহ পুঁতে দেওয়ায় সন্দেহ হয় পুলিশের। সেই কারণেই পুলিশ মাটি থেকে তুলে দেহ নিয়ে যায়।
মৃতার বাবা রবীন্দ্রনাথ কুইরি জানান, মেয়ে শ্বাস কষ্ট হয়ে মারা গেছে। তাই গ্রামের লোকের সাহায্য সৎকার্য করা হয় রাতেই। জিজ্ঞাসাবাদের জন্য মৃতার বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ।

