জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ আগস্ট: চারদিকে জল থৈ থৈ, মাটির বাড়িটিও ডুবেছে জলে। তাই উপায় না পেয়ে নিজের মেয়েকে নিয়ে ৯০ বছর বয়সী মেনকা সিং পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আজ সকাল নাগাদ শারীরিক অসুস্থতার কারণে মেনকা দেবীর মৃত্যু হয়। এতে চরম সমস্যায় পড়ে মেনকার মেয়ে মামণি দোলই।
মামণির কথায়, চারিদিকে জল, অপরের বাড়িতে মারা গিয়েছে মা, মৃতদেহ লোকের বাড়িতে কি করে ফেলে রাখবো। মৃতদেহ আগলে রেখে দুশ্চিন্তায় প্রহর গুনতে শুরু করি। খবর যায় ঘাটাল থানায়। খবর পাওয়া মাত্র ওসি দেবাংশু ভৌমিক বোট নিয়ে পৌছে যায় ঘাটালের রথীপুরে মেনকাদেবীর মৃতদেহ উদ্ধার করতে। অবশেষে পুলিশ কর্মীদের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে ঘাটালের গোবিন্দপুর এলাকায় দাহ করা হয়।

