জয় লাহা, দুর্গাপুর, ১১ আগস্ট: এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। খুনের অভিযোগ তুলে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের পন্থনগর সংলগ্ন ফুটবল মাঠ এলাকায়। ঘটনায় পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম দিলীপ তুড়ি (৩০)। পান্ডবেশ্বর পন্থনগর মাঝিপাড়ার বাসিন্দা।
ঘটনায় জানা গেছে, দিলীপ তুড়ি পন্থনগর এলাকায় একটি মাংসের দোকানে দিনমজুরির কাজ করত। অন্যান্য দিনের মত এদিন দোকান বন্ধ করে রাতে বাড়ির উদ্দেশ্য বের হয়। কিন্তু সময় মত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। মৃতের বোন মধু তুড়ি জানান, “রাস্তার ওপর রক্তের দাগ আর দাদার জুতো পড়ে থাকতে দেখি। তাতেই সন্দেহ হয়। আরও খোঁজাখুজি করতে দেখা যায় রাস্তার পাশে ঝোঁপের মধ্যে দাদার রক্তাক্ত মৃতদেহ পড়ে। সারা শরীরের আঘাতের দাগ। টানা হেঁচড়ার দাগ রয়েছে। দাদাকে খুন করা হয়েছে। সিসিটিভির ছবি দেখুক পুলিশ। আমাদের দাবি পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিক।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়ে পৌঁছায় পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন,” মৃত যুবক তৃণমূল সমর্থক। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।” যদিও পুলিশ স্নিফার ডগ নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

