গোপালনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জুলাই: অবসর প্রাপ্ত শিক্ষকের বাড়ি ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সোমবার সকালে চার ডাকাতদের নিয়ে ওই শিক্ষকের বাড়িতে এসে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল গোপালনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক নিখিলরঞ্জন তালুকদারের বাড়ি ১২ মে সন্ধ্যার সময় ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ পৌছাতেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর ঘটনার তদন্তে নেমে ওই ঘটনার দুদিনের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে ডাকাতির সঙ্গে জড়িত আরও চারজনের নাম জানতে পারে। ঘটনার পর গা ঢাকা দিয়েছিল তারা। রবিবার নদিয়ার চাকদা, ধানতলা, গাগনাপুর ও বাগদা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অলোক বিশ্বাস, সুব্রত বিশ্বাস, শুভঙ্কর চৌধুরি, কৃষ্ণপদ মণ্ডল। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি সোনার চেন ও একটি আংটি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নামে প্রচুর ডাকাতি, ছিন্তাই ও অসামাজিক কাজকর্মে অভিযোগ রয়েছে। এর আগেও ডাকাতির দায়ে দীর্ঘ দিন জেলে ছিল। সম্প্রতি ছাড়া পেয়ে আবার ডাকাতি ছিন্তাই করতে শুরু করেছে। বর্তমানে ধৃতরা পাঁচদিনের পুলিশ হেফাজতে রয়েছে। আজ সাত দুষ্কৃতীদের নিয়ে ম্যাজিস্ট্রেটের ও এসডিপিও’র উপস্থিতিতে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করে গোপালনগর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় খুশি প্রাক্তন শিক্ষক নিখিলরঞ্জন তালুকদার সহ এলাকার গ্রামবাসী।

নিখিলবাবু বলেন, পুলিশের সম্পর্কে আমাদের ধারণাটা পাল্টে গেল। থানার ওসি চিন্তামণি নস্করের তৎপরতায় গোটা ডাকাতের দলটা যে ধরা পড়বে ভাবতে পারিনি। গোপালনগর থানার পুলিশ খুব ভালো কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *