জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: বেশ কয়েকদিন ধরে মেদিনীপুর শহর ও তৎসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাজি আটক করেছে কোতয়ালি থানার পুলিশ। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে মেদিনীপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ছেড়ুয়া গ্ৰামে বিশাল পুলিশ বাহিনী বিকেলে আতশবাজির কারখানাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজির বেশি আতশবাজি ও বাজি তৈরীর উপকরণ বাজেয়াপ্ত করে। পাশাপাশি বাজি বিক্রেতা ও গ্ৰামবাসীদের হাইকোর্টের নির্দেশ স্মরণ করিয়ে বাজি বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়। বাজি তৈরীর পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়ার পরামর্শও দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয় ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।

সাধারণ গ্ৰামবাসী বলেন, এখানে এই পেশা দীর্ঘদিন ধরে চলছে, থানা থেকে সতর্কও করা হয়েছে। কিন্তু মানুষ যাবে কোথায়। আমরা চেষ্টা করছি এই পেশা ছেড়ে দিতে।

