আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ মে: সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে অশনির প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। হলদিয়া উপকূল রক্ষা বাহিবীর পক্ষ থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। সাধারণ মানুষকে সতর্ক করতে তৎপর রয়েছে প্রশাসন।
যে কোনো সময়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি, ইতিমধ্যেই সমুদ্রগর্ভে যেসব মৎস্যজীবীরা রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে সমুদ্র উপকূলবর্তী মানুষজন। সমুদ্রগর্ভ ফুলে-ফেঁপে উঠতে শুরু করেছে। শুরু হয়েছে ঢেউয়ের তাণ্ডব। প্রশাসন পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

