আমাদের ভারত, ৭ এপ্রিল: বাংলার পুলিশ হিন্দুদের ভগবান রামের মূর্তি নিজেদের বাড়ি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছে। এমনই একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, “রাজ্যের মানুষ আপনার হিন্দু বিরোধী কার্যকলাপ কিন্তু দেখছে।”
রাজ্যের একাধিক জায়গায় রাম নবমীর মিছিলে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হাওড়া, রিষড়ার মতো জায়গায় শুধুমাত্র মিছিলে হামলাই নয় সাধারণ মানুষের উপর হামলা, তাদের সম্পত্তি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলেও অভিযোগ। রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাদের অভিযোগ, রমজান মাসের অজুহাতকে খাড়া করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ইচ্ছাকৃত নস্যাৎ করছেন ও হিন্দুদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের বক্তব্য, মু্খ্যমন্ত্রী সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ফেরাতে হিন্দু বিরোধীতা শুরু করেছেন।
বিজেপির রাজ্য সভাপতি ও বঙ্গ বিজেপির টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে এক উর্দিধারী পুলিশ কর্মী এসে একটি হিন্দু পরিবারকে বলেছে তারা তাদের নিজের বাড়ির ভেতরে ভগবান রামের মূর্তি রাখতে পারবে না। পুলিশ কর্মীর অভিযোগ, মূর্তি বাড়ির ভিতরে থাকলেও সেটা রাস্তার দিকে মুখ করে রাখা যাবে না, কারণ এতে প্রশাসনের অনুমতি নেই।(ভিডিওর সত্যতা আমাদের ভারত বিচার করেনি) ভিডিওটি বঙ্গ বিজেপির তরফে টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, অত্যাচারী তৃণমূলের হিংসা অব্যাহত, মমতা সরকারের অধীনে থাকা পুতুল পুলিশ হিন্দুদের ধর্মাচরণে বাধা দিচ্ছে। ভগবান রামের মূর্তি বাড়ি থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে।
Bengal Police is now asking the people to remove Prabhu Shri Ram’s murti.
Are these your orders, @MamataOfficial ? Public is watching your Anti Hindu acts. pic.twitter.com/yN7rSa6o08
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 6, 2023
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “এবার বাংলার পুলিশ হিন্দুদের ভগবান রামের মূর্তি বাড়ি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে তার হুঁশিয়ারি, রাজ্যের মানুষ আপনার হিন্দু বিরোধী কার্যকলাপ কিন্তু দেখছে।”
জানাগেছে, ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার অন্তর্ভুক্ত, নোদাখালি থানার অন্তর্গত রথতলার, যেখানে রামনবমীর পূজা হয়েছিল। ওখানেই ঠাকুর রাখা ছিল। পুলিশ এসে ওই ঠাকুরমূর্তি বিসর্জন দিতে কিংবা সরিয়ে দেয়ার জন্য বলে। সেখানে সমস্ত রাম ভক্তরা তার প্রতিবাদ করে এবং বলে আগামীকাল হনুমান জয়ন্তী পালন করা হবে ওখানে।
ভিডিওতে দেখা গেছে, একজন পুলিশ কর্মীকে বাড়ির মালিক বলছেন সে তার নিজের বাড়ির সীমানার মধ্যে ভগবান রামের পুজো করেছে। এর জন্য তার প্রশাসনের অনুমতির কোনো প্রয়োজন নেই। এছাড়া ভিডিওতে দেখা গেছে রামের মূর্তিটি বাড়ির বারান্দায় রয়েছে। আর যেহেতু কয়েকদিন আগেই রাম নবমী ছিল তাই আশেপাশে গেরুয়া পতাকাও রয়েছে। বিজেপি নেতাদের দাবি, ভগবান রামের মূর্তি বাড়ির বারান্দায় রাখা কোনো নতুন বিষয় নয় হিন্দুদের জন্য। কিন্তু তাতে রাজ্য প্রশাসনের আপত্তির কারণ কি? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

