সাথী দাস, পুরুলিয়া, ৩০ এপ্রিল: পুরুলিয়া জেলাজুড়ে করোনা সংক্রমণ রুখতে হাট বাজার, দোকান পাট, মল, প্রেক্ষাগৃহ, স্পোর্টস কমলেক্স এবং জমায়েতে রাশ টানতে চলেছে প্রশাসন। এই ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করতে শনিবার সকাল থেকেই বিশেষ অভিযান চালাবে পুরুলিয়া জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, “নির্দেশিকা কার্যকর করতে অবশ্যই সকাল থেকে নজরদারি করবে পুলিশ।”

সরকারি এই নির্দেশিকা সময়োপযোগী বলে জানান সাধারণ মানুষ। সারা দিনে ৫ ঘণ্টা দোকান খোলা বা বিক্রির সময় রাখা হয়েছে নির্দেশিকায়। এটার অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বেশিরভাগ দোকান দশটার পর খোলে পুরুলিয়ায়। সেই ক্ষেত্রে শুধু মাত্র দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দোকান খোলার সুযোগ থাকছে ওই সব দোকানদার বা ব্যবসায়ীদের। এতে কিছুটা ক্ষুন্ন হয়েছেন ওই সব দোকানদাররা। যদিও সারা জেলার পরিস্থিতির কথা ভেবে এক প্রকার সমর্থন জানিয়েছেন তাঁরা।


