সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে বনগাঁয় টের পাওয়া যাচ্ছিল ভোটের আগমনী বার্তা। শুক্রবার ভোট ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনিক স্তরেও প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার সমস্ত সরকারি অফিস ভবন থেকে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন খুলে ফেলার কাজ শুরু হয়।

শনিবার রাতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢোকে বনগাঁ মহকুমা পুলিশ জেলায়৷ রবিবার দুপুরে সেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে বনগাঁর বিভিন্ন গ্রামীণ এলাকায় রুট মার্চ করালেন পুলিশ আধিকারীকরা। উপস্থিত ছিলেন এসপি, মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা। রুট মার্চের পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারীক ও মহকুমা শাসক। দুপুর তিনটে নাগাদ বনগাঁ থানার উনাই, কালুপুর, চৈতি পাড়া, শিবপুর সহ বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। সে সময় রাস্তার দু’পাশে কৌতুহলী মানুষ জড়ো হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে বনগাঁয় টের পাওয়া যাচ্ছিল ভোটের আগমনী।


