কলকাতায় শিবভক্তদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল, ঘটনার নিন্দায় সরব দেবদত্ত মাজি সহ বিজেপি নেতারা

আমাদের ভারত, ১৭ আগস্ট: শ্রাবণ মাসের সোমবারগুলিতে হিন্দু শিবভক্তরা বাঁক কাঁধে জল নিয়ে যান শিবের মাথায় ঢালতে। কলকাতার নিমতলা শশ্মান নিকটস্থ ভূতনাথ মন্দিরের সামনে এমনি বাঁক কাঁধে শিবভক্তদের উপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি সহ অনেকেই। এই ঘটনায় পুলিশের অতিসক্রয়তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বলেও জানিয়েছেন দেবদত্ত বাবু।

কলকাতার ভূতনাথ মন্দিরের সামনে পুলিশকে সোমবার শিবভক্তদের ওপর লাঠি বর্ষণ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপির নেতাদের অভিযোগ সরকারের একেবারে উচ্চ পর্যায়ে নির্দেশ থাকার কারণেই পুলিশ একাজ করেছে। বিজেপি নেতা দেবদত্ত মাজি পুরো ভিডিওটি টুইট করে লিখেছেন, “নিরীহ শিবভক্তরা উপোস করে কয়েক মাইল হেঁটে কলকাতার নিমতলা শশ্মান নিকটস্থ ভূতনাথ মন্দিরে পৌঁছছেন। আর সেই সব হিন্দু ভক্তদের উপর কলকাতা পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করছে। এর চেয়ে লজ্জার আর কী বা হতে পারে?” এই ঘটনায় দেবদত্তবাবুর অভিযোগের সুরে লিখেছেন, “পশ্চিমবঙ্গে হিন্দুরা আসলে পশুর মতো ব্যবহার পায়। ” তিনি জানান তিনি এই ঘটনায় পুলিশের অতিসক্রয়তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন।

দেবদত্তবাবুর এই টুইটটি রিটুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “হিন্দু ভক্তদের উপর লাঠিচার্জের করার নির্দেশ একেবারে উচ্চপর্যায় থেকেই আসে, যাদের কাছে এগুলি শুধুই খেলা।” অন্যদিকে বিজেপি নেতা রীতেশ তিওয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তালেবান শাসনের সঙ্গে তুলনা করেছেন।

এমনিতেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার শিবভক্তরা এই মন্দির প্রাঙ্গণে প্রায়শই আসেন। তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভূতনাথ মন্দির ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ভিডিওতে পুলিশের পাশাপাশি একজন যুবককেও শিবভক্তদের ওপর লাঠি বর্ষণ করতে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *