সাথী দাস, পুরুলিয়া, ২০ নভেম্বর: মহকুমাশাসকের নির্দেশে ঝালদা পুরসভা সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা লাগুর প্রচার শুরু করল পুলিশ। ঝালদা থানা সূত্রে জানা গিয়েছে ২১ নভেম্বর ঝালদা পৌরসভার অনাস্থার তলবি সভার ডাক দিয়েছে কংগ্রেস। সেই সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই প্রস্তুত জেলা পুলিশ। তাই আজ পৌরবাসীদের সচেতন করতে মাইকিং করে প্রচার করা হল।
পৌর সভা কার্যালয়ের ২০০ মিটারের মধ্যে জমায়েত করা যাবে না। সকাল থেকেই ১৪৪ ধারা লাগু থাকবে। তাই এই এলাকায় জটলা করা, জমায়েত করা, কোনোরকম অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।

দুই নির্দল ও ৫ কংগ্রেস সহ ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। ২১ নভেম্বর তলবি সভায় অবাধে যোগ দিতে পারবেন তাঁরা। শেষ পর্যন্ত সব জটের অবসান ঘটিয়ে ২১ নভেম্বর ২০২২ হাইকোর্টের নির্দেশে বিরোধীরা তলবি সভা করবে। বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার জন্য এগিয়ে রয়েছে কংগ্রেস। ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় ৫ জন তৃণমূলের, ৫ জন কংগ্রেসের এবং দুই জন নির্দল কাউন্সিলর রয়েছেন। তলবি সভার জন্য কংগ্রেসের পক্ষ নেন দুই নির্দল কাউন্সিলর। আর এতেই বোর্ড হাত ছাড়া হওয়ার উপক্রম দেখা দেয়।

