পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির মিছিল মাঝপথে আটকালো পুলিশ

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৩ নভেম্বর: পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে এই দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি শনিবার দুপুরে শিলিগুড়িতে মিছিল করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। এদিন বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির দলীয় কার্যালয় মাল্লাগুড়ি থেকে মিছিল শুরু হলেও মিছিল মাঝপথেই আটকে দেয় পুলিশ।

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূলের পর এবার রাস্তায় নেমেছে বিজেপি। এতদিন পর্যন্ত তৃণমূল বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সরব হলেও এবার বিজেপি ঘুরিয়ে তৃণমূলকে চাপে ফেলতে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে শনিবার দুপুরে শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কমিটির তরফে একই দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে বিজেপির জেলা দলীয় কার্যালয় টি অকশন রোড মাল্লাগুড়ি থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা হিলকার্ড রোডের দিকে মিছিল করে আসতে থাকলে মাল্লাগুড়িতে রাস্তার উপর ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের চলে বাদানুবাদ। এ দিনের মিছিলের নেতৃত্বে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ জেলা বিজেপি নেতৃত্ববৃন্দ।

অন্যদিকে বিজেপির মিছিলকে ঘিরে কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এবং অশান্তির সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য মাল্লাগুড়িতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্তা বলেন, এই তৃণমূল সরকারের রাজ্যবাসীর প্রতি কোনও দরদ নেই যার জন্য অন্যান্য রাজ্য যেখানে পেট্রোল এবং পেট্রোপণ্যের উপর ভ্যাটে ছাড় দিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ছাড় দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *