আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ জুন: পণ্য বোঝাই পিকআপ ভ্যান আটকে হয়রানি ও মোটা টাকা জরিমানা করা হচ্ছে গাড়ির চালককে৷ এর জেরে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার
পিকআপ ভ্যানের চালকরা। পুলিশ ও পরিবহন দফতরের হয়রানি বন্ধ করার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভে সামিল হলেন চালকরা।

তাদের দাবি, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন থানার অন্তর্গত মাল পরিবহন করা ছোট গাড়িতে মাছ, কৃষি, গালামাল, হার্ডওয়্যার্ড, ব্যবসায়ীরা কৃষিজাত পণ্য, মাছ, সবজি নিয়ে যাতায়াত করেন। রাস্তায় যখন তখন পরিবহন দফতর ও পুলিশ গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ আটকে রেখে হয়রানির পাশাপাশি জরিমানা করা হচ্ছে। গাড়ি চালকদের অভিযোগ, সামান্য ওভারলোড থাকলেই কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। কাঁচামাল সবজি ও মাছ থাকছে এরকম গাড়িও আটকে রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। ট্যাক্স দেওয়ার পরেও বিভিন্নভাবে পিকআপ ভ্যানের চালকদের হয়রানি করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ করছে না। যত জুলুম পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে। এর জেরে পিকআপ ভ্যানের চালকদের পরিবার বিপাকে পড়েছেন। এদিন জুলুমবাজির বিরুদ্ধে রাস্তা অবরোধে সামিল হলেন পিকআপ ভ্যানের চালকরা।

পিকআপ ভ্যানের চালক অসিত কুমার ধর বলেন, “যেভাবে পুলিশ ও পরিবহন দফতর আমাদের হয়রানি করছে। আমরা সঠিক সময়ে কৃষক মান্ডি ধরতে পাচ্ছি না। খুবই সমস্যায় পড়েছি। এই কারণে আজকের আন্দোলন।”

