স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বন্দর এলাকার একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল রায়গঞ্জ থানার পুলিশ৷ চুরি যাওয়া নগদ টাকা, সোনার অলংকার উদ্ধার করার পাশাপাশি পুলিশ রাজেশ সরকার (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি রায়গঞ্জের নেতাজী সুভাষ কলোনী এলাকায়।
জানা গিয়েছে, রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা বুলি দাস গত শুক্রবার প্রতিদিনের মতো বাড়িতে তালা দিয়ে নিজেদের দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির সদর দরজা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন আলমারীর লকার ভাঙ্গা। চুরি হয়ে গিয়েছে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা সহ বেশ কিছু সোনার গহনা। বুলি দাস আরো জানিয়েছেন মেয়ের বিয়েতে কিছু ঋন ছিলো এবং বাড়ির কিছু কাজ করার জন্য ব্যাঙ্ক থেকে এই টাকাগুলো তুলে নিয়ে এসে বাড়ির আলমারির লকারে রেখেছিলেন। চুরি ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

রায়গঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে রায়গঞ্জের সুভাষ কলোনী এলাকার রাজেশ সরকার নামে একজনকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে চুরি হওয়া নগদ ৩ লক্ষ ৬০ হাজারের মধ্যে ৩ লক্ষ ৫২ হাজার টাকা ও আড়াই লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার উদ্ধার করেন পুলিশ কর্তারা। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

