পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ জুলাই: হিলির স্বর্ণ ব্যবসায়ী শুট আউটের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন। শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিহারের বাসিন্দা শুভম নামে এক যুবককে। এছাড়াও মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে সুরজিৎ বর্মন ও দীপক দাস নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এই নিয়ে মোট ছয় জনকে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রথমেই এই খুনের ঘটনার তদন্তে নেমে সুব্রত মালি, প্রশান্ত সাহানি এবং রানা ঘোষকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। অভিযুক্ত সুব্রত মালি বিজেপির হিলি মন্ডলের যুব সভাপতি হিসাবেই পরিচিত।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায়। রাতেই বালুরঘাট হাসপাতাল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এরপরেই এই ঘটনার তদন্তে নেমে একে একে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, দুষ্কৃতীরা ঘটনার দিন যে বাইক ব্যবহার করেছিল সেই বাইকের সূত্র ধরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। মোট ছয়জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

