অমরজিৎ দে, ঝাড়গ্রাম ১ সেপ্টেম্বর: করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে পুলিশ কর্মীদের কাজের প্রতি নিষ্ঠা এবং দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছর ১ লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছেন। সেই মতো পুলিশ দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় তেমনি ঝাড়গ্ৰাম জেলার থানাগুলোর আধিকারিক এবং পুলিশ কর্মীদের সংবর্ধনা জানালেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কর্মীরা।
এদিন গোপীবল্লভপুর থানায় পুলিশ কর্মীদের হাতে ফুলের তোড়া এবং চকলেট তুলে দিয়ে সম্মানিত করেন সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”-এর সদস্যরা। পাশাপাশি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ, গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি সহ পুলিশ আধিকারিকদের সম্মানিত করেন।
অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষ্যে নয়াগ্ৰাম থানার উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সমস্ত পুলিশ কর্মীদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানান ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুমন সাউ এবং নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সহ সভাপতি রমেশ রাউত। সব মিলিয়ে জেলাজুড়ে পুলিশ কর্মীদের সংবর্ধনা এবং শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

