স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মে:
রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শহরে শহরে রুটমার্চ শুরু করল রায়গঞ্জ পুলিশ। এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিংয়ের নেতৃত্বে রুটমার্চ করল। করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্কের ব্যাবহার, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং লকডাউনের সময়ে দোকানপাট, হাট বাজার যাতে খোলা না থাকে সেইদিকে নজরদারি চালালো পুলিশ।

সারা দেশ তথা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাস করোনায়। মৃত্যুর মিছিল চলছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৯ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। যদিও উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২৯৭ জন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৪৮০ জন, মৃত্যু হয়েছে ১০৬ জনের, সুস্থ্য হয়েছেন ৯৫১৩ জন।

ভোটের পর করোনার এই দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আংশিক লকডাউন সহ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই আংশিক লকডাউন সফল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। লকডাউন অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শহরে রুটমার্চ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কোভিড সতর্কতায় রাজ্য সরকারের নির্দেশকে কার্যকর করতে অভিযান শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী লকডাউন ভাঙ্গার অপরাধে ১৩০ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ৩০টি মামলা দায়ের করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত প্রতিটি থানা এলাকায় লকডাউন অভিযান চালাচ্ছে।

