প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৯ মে:
করোনা পরিস্থিতি সামাল দিতে এবার এক গুচ্ছ নতুন ব্যবস্থাপনা আনা হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। করোনা পরিস্থিতি ক্রমশই বেসামাল হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তার সঙ্গে ব্যারাকপুর মহকুমাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হচ্ছে যে করোনা রোগীরা হাসপাতালগুলোতে বেড পর্যন্ত পাচ্ছেন না। এই লাগাম ছাড়া করোনা পরিস্থিতিকে বাগে আনতে এবার মাঠে নামতে চলেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষদের কীভাবে ভালো পরিষেবা দেওয়া যায়, কীভাবে মানুষকে আরো সচেতন করা যায়, কীভাবে বেড সংখ্যা বাড়ানো যায় সেই সমস্ত বিষয়ে জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ব্যারাকপুর পুলিশ কমিশনার পদে ফিরে আসেন মনোজ ভার্মা। কাজে যোগ দিয়েই তৎপরতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পরেছেন তিনি।
মনোজ ভার্মা জানান, “সরকারের নির্দেশ মেনে কাজ করা হচ্ছে। এবার করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তাই আমরা চেষ্টা করছি দ্রুত এই অঞ্চলে বেড বাড়ানোর। সেই সঙ্গে অক্সিজেন সরবরাহ ঠিক রাখার জন্য অক্সিজেন রিফিলিংয়ের ওপর জোর দিচ্ছি আমরা।” তিনি অসচেতন মানুষদের জন্য বার্তা দিয়ে বলেন, “এখন আমরা চেষ্টা করবো মানুষ যেনো সচেতন হন, মাস্ক ঠিক করে পরেন, সরকারি নির্দেশ মেনে চলেন। আর সেই জন্য আমরা সাধারন মানুষকে বারবার বঝাবো কিন্তু তারা না বুঝলে আমরা কড়া পদক্ষেপ করতে বাধ্য হব, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

