জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট: শালবনী ব্লকের জঙ্গলঘেরা বাঘমারি-জোড়কুশমা গ্রামের ছোট ছোট আদিবাসী ছেলে-মেয়েদের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন সালবনি থানার বড়বাবু। আদিবাসী অধ্যুষিত পিছিয়ে পড়া এরকম একটি গ্রামের কচিকাঁচাদের সঙ্গে ছেলের জন্মদিন পালন করার ইচ্ছা প্রকাশ করেন শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আই.সি) গোপাল বিশ্বাসl তাঁর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শালবনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছত্রছায়া’।
গত ২ আগস্ট, তিন পেরিয়ে চারে পা দিয়েছে আইসি গোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী কোয়েল বিশ্বাসের ছেলে আবীর। সেই উপলক্ষেই আজ বাঘমারি-জোড়কুশমা গ্রামের কচিকাঁচা সহ গ্রামবাসীদের জন্য কোভিড বিধি মেনে দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। তার আগে গ্রামের কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, চকলেট, কেক প্রভৃতি। এই অনুষ্ঠানে শালবনী থানার গোপালবাবু, তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ছাড়াও উপস্থিত ছিলেন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ আনন্দ মণ্ডল। উপস্থিত ছিলেন ‘ছত্রছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় বেশকিছু সমাজকর্মী।

অনুষ্ঠানের শুরুতেই অপূর্ব বংশী ধ্বনির মাধ্যমে সকলকে মুগ্ধ করেন স্থানীয় লোকশিল্পী ও ‘ছত্রছায়া’ সংগঠনের সদস্য অরুণ পাল। সংগঠনের পক্ষ থেকে নুতন ঘোষ বলেন, “এর আগেও স্যারের মেয়ের জন্মদিনে আমরা দারিদ্র্য পীড়িত বুড়িশোল গ্রামে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলাম। এবার, পাশের জোড়কুশমা গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে আজকের অনুষ্ঠান পালিত হয়েছে।”

