বিজেপির আইন অমান্য আন্দোলনে পুলিশের বাধা, প্রতিবাদে পথ অবরোধ ব্যারাকপুরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ আগস্ট: রাজ্যজুড়ে বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি পালিত হলো বৃহস্পতিবার। সেই উদ্দেশ্যে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে জমায়েত করায় পুলিশি বাধার সম্মুখীন হন মহিলা কর্মীরা।
প্রতিবাদে চিড়িয়া মোড়ে প্রায় ৩০ মিনিট পথ অবরোধ করে রাখেন মহিলা মোর্চা ও ব্যারাকপুর বিজেপি লিগ্যাল সেলের সদস্যরা।

এরপর তারা মিছিল করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যারাকপুর প্রশাসনিক ভবনের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তারা বিজেপি নেতা কর্মীদের বাধা দেন। তখন প্রশাসনিক ভবনের বাইরে মোতায়েন থাকা পুলিশদের ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

ব্যারাকপুর বিজেপির সংগঠনিক সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার চলছে। বিজেপি মহিলা কর্মীদের ওপরও অত্যাচার করা হচ্ছে। মমতার পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে আমাদের কর্মীদের। তাই আমরা আজ প্রতিবাদ আন্দোলন করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *