প্রতীতি ঘোষ, আমাদের, ব্যারাকপুর, ১৭ সেপ্টেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সামনে বারংবার বোমাবাজিতে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ৮ তারিখ সাংসদের বাসভবনে বোমাবাজির পর আবার ১৪ তারিখ বাড়ির পেছনে বোমা ফাটে। বাররার এই ধরনের ঘটনা ঘটায় সাংসদের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রশাসন তল্লাশি চালিয়ে তাজা বোমা উদ্ধার করে। আর কোনও বোমা বা সন্দেহজনক কিছু সাংসদের বাড়ির আশেপাশে আছে কি না তার হদিশ পেতে জগদ্দল থানা এক অভিনব কায়দা অবলম্বন করল।

বাড়ির আশেপাশে কেউ আগ্নেয়াস্ত্র রা বোমা মজুদ করে রেখেছে কিনা তার হদিশ পেতে জগদ্দল থানা আজ সার্কাস ময়দান থেকে ড্রোন উড়িয়ে তার হদিশ পেতে চেষ্টা করে। ইতিমধ্যেই ৮ই সেপ্টেম্বর বোমাবাজি ঘটনার তদন্ত ভার এনআইএ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এনআইএর তদন্তের নির্দেশ দেওয়ায় বৃহস্পতিবার তদন্ত করতে আসে এনআইএ তদন্তকারী দল। যদিও রাজ্য সরকার ও পিছপা নয় তাই জগদ্দল থানার পুলিশই জোর কদমে শুরু করেছে তদন্ত। দুষ্কৃতীদের হদিশ পেতেই অভিনব কায়দায় এলাকায় ড্রোনের মাধ্যমে বোমা বা আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি চালাল পুলিশ।
এই বিষয়ে জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “আসলে অর্জুন সিংয়ের বাসভবনে বোমা মজুদ আছে। এর আগে ওনার ভরাটের ঘর থেকে তল্লাশি চালিয়ে বোম মিলেছিল। আসলে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে আর অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনে আশ্রয় নিচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে। পুলিশ প্রশাসন তাই চাইছে এদের ধরতে এবং জগদ্দল ও ভাটপাড়ার অশান্তি কমাতে। আর শুধু ড্রোন না আমরা তো অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি যাতে অশান্তি যারা করছে তাদের চিহ্নিত করা যায় ও ধরা পড়ে যায় দুষ্কৃতীরা।”

