সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ অক্টোবর: ফিল্মি কায়দায় সাদা পোশাকে জুয়ার আসরে হানা দিয়ে আট জুয়ারিকে গ্ৰেপ্তার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

গতকাল সন্ধ্যে নাগাদ বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰামে তাঁবু খাটিয়ে জুয়ার আসর চলছিল। গোপনসূত্রে খবর পেয়ে সাদা পোশাকে জুয়া খেলার বাহানায় হাজির হয় পুলিশ। আসরে পুলিশ এসেছে এটা টের পায়নি জুয়ারিরা। তারপরই উর্দিধারী পুলিশ হাজির হতেই পালাতে উদ্যত জুয়ারিরা সাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ে। এর মধ্যে অবশ্য কয়েকজন জুয়ারি পালাতে সক্ষম হয়।পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে গ্ৰেপ্তার করে। ১৮টি মোটর সাইকেল, নগদ ২৯ হাজার ৩৬০ টাকা, জুয়ার সামগ্ৰী উদ্বার করেছে।পলাতকদের খোঁজ চলছে।
উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে জুয়ার আসর বসে বলে অভিযোগ। বহু মানুষ যোগ দেয় আসরে। অনেক ক্ষেত্রে অশান্তির ঘটনাও ঘটে।

