জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ নভেম্বর: ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে একসময়ের মাওবাদী প্রভাবিত এলাকায় শুরু হল ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি।বেলপাহাড়ির বাঁশপাহাড়ি পঞ্চায়েতের ছুরিমারা গ্রামের ফুটবল মাঠে শিবিরের সূচনা করেন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। এদিনের কর্মসূচিতে এলাকাবাসীদের অভাব অভিযোগ শুনতে গিয়েছিলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা।

পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ না জানালেও এলাকাবাসী পঞ্চায়েতের উন্নয়ন পরিষেবা না পাওয়া, এলাকার রাস্তাঘাট, পানীয় জলের মতো নানা সমস্যা নিয়ে পুলিশ কর্তাদের কাছে নালিশ জানিয়েছেন। ওই শিবিরে ছিলেন বেলপাহাড়ির যুগ্ম বিডিও শৌভিক সরকার সহ বন দফতর ও ভূমি দফতরের প্রতিনিধিরাও। আদিবাসী হওয়া সত্ত্বেও যাঁরা জাতিগত শংসাপত্র পাননি, তেমনই ৪৩২ জনকে পুলিশের শিবির থেকে ব্লক প্রশাসনের তরফে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “অনেক সময় দূরত্বের কারণে পুলিশ সংক্রান্ত অভিযোগ থানায় গিয়ে জানাতে পারেন না। সে জন্য আমরাই গ্রামবাসীদের কাছে এসেছি। আপনাদের সমস্যা আমাদের কাছে জানাতে পারেন।” পুলিশ সুপার জানান, শুধু পুলিশ সংক্রান্ত নয়, অন্য সমস্যার সমাধানেরও আন্তরিক চেষ্টা করা হবে।

