আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ মার্চ: রবিবার দোল উৎসব পালিত হচ্ছে গোটা বাংলা জুড়ে, একই সঙ্গে চলছে নির্বাচনী প্রক্রিয়াও। সজাগ রয়েছে প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়ায় দেখা গেল প্রশাসনের কড়া নজরদারি।
এই জেলায় ভোট পঞ্চম ও ষষ্ঠ দফায় যথাক্রমে ১৭ ও ২২ এপ্রিল। তবে উত্তর ২৪ পরগনার নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ন করতে তৎপর প্রশাসন, সেই কারনেই কড়া নজরদারি প্রশাসনের। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইছাপুর–ঘোষপাড়া রোডে পুলিশের নাকাচেকিংয়ের ছবি ধরা পড়ল। ইছাপুর–ঘোষপাড়া রোডের উপর নোয়াপাড়া থানার পুলিশ কর্মীদের দেখা গেল একের পর এক গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে ভালো করে পরীক্ষা করছেন। গাড়িতে করে যাতে এমন কিছু অবাঞ্ছিত বস্তু ভোটের সময় ভিন রাজ্য থেকে বাংলায় পাচার না হয়, যাতে কোনও ভাবেই উত্তর ২৪ পরগনা জেলা অশান্ত না হয়, সেই কারনে নোয়াপাড়া থানার পুলিশের এই নজরদারি। পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াপাড়ার ঘোষপাড়া রোডের উপর পুলিশ এই নাকা চেকিং শুরু করেছে।

