আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি:
গোয়ালতোড়ের বড়ডাঙ্গা গ্রামে কোথা থেকে এত অস্ত্র এলো তার সূত্র খুঁজতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা ওই এলাকায় গিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন। বড়ডাঙ্গা গ্রামের এক বাসিন্দা জমি সমতল করার জন্য জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ করছিলেন। সেই সময় ছত্রিশটি বন্দুক ও প্রায় সাড়ে চারশো কার্তুজ মাটির তলা থেকে উঠে আসার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অস্ত্র আইনে মামলা করে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এলাকার বর্তমান পরিস্থিতি জানার পর তদন্তকারী আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য গৌতম কৌড়ি বলেন, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গোয়ালতোড় এলাকার উখলার জঙ্গল থেকে এভাবেই প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছিল। তারপরই এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। তাই, কারা কি উদ্দেশ্যে এইসব আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছিল তার সঠিক তদন্ত করে মানুষের কাছে বিবৃতি প্রকাশ করার জন্য গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিওর কাছে দাবি জানানো হয়েছে বলে বিজেপির ওই পঞ্চায়েত সমিতির সদস্য জানিয়েছেন।

জেলা পুলিশের এক আধিকারিক জানান, এত অস্ত্র কোথা থেকে কারা নিয়ে এসে মজুদ করেছিল সেসব খতিয়ে দেখতে জোরদার তদন্ত চলছে।

