ঝালদায় দলীয় কাউন্সিলর খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের, “সরাসরি খুনের ঘটনায় জড়িয়ে পড়ছে পুলিশ” তোপ অধীরের

সাথী দাস, পুরুলিয়া, ১৪ মার্চ: ঝালদায় দলীয় কাউন্সিলর খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস। একই সঙ্গে আইনি বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল তারা। আজ ঝালদায় এই কথা জানিয়ে তৃণমূলকে নিশানা করেন কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ঘটনার সঠিক তদন্ত পুলিশ করবে না। এটা বোর্ড গড়ার জন্য খুন। এর পিছনে আরও বড় বড় মাথা রয়েছে। তাই, সঠিক তদন্ত সিবিআইকে দিয়ে করতে হবে।”

“পুলিশ সরাসরি খুনের ঘটনায় জড়িত হয়ে পড়ছে। তৃণমূল নেত্রীর আরও চাই। বোর্ড গড়ার জন্য প্রাণ চাই। বাংলায় এর তীব্র প্রতিবাদ হচ্ছে, হবে।” এইভাবেই তৃণমূলকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঝালদায় দলীয় কাউন্সিলর খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করে রাজ্যের শাসক দলকে এক হাত নেন তিনি। অভিযোগের সুরে অধীরবাবু বলেন, “তৃণমূল পুলিশকে দিয়ে ভোট করাচ্ছে, পুলিশ তৃণমূলের দাসত্ব করে আমরা জানি। সামান্য ছোট পুরসভার বোর্ড গড়ার জন্য প্রাণ নেওয়ার ঘটনায় পুলিশ জড়িয়ে গেল। ভয়ঙ্কর দিন আসছে বাংলায়। আনিস কাণ্ডে পুলিশ সরাসরি যুক্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *