সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১ নভেম্বর: ছিনতাইয়ের ঘটনায় এক নেতার গাড়ির চালককে আটক করায় ক্ষোভের মুখে পুলিশ। থানার সামনে ত্রিশূল, তীর, ধনুক নিয়ে বিক্ষোভ। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায়। বিক্ষোভকারীদের দাবি, বিনাদোষে তাঁদের নেতাকে হেনস্থা ও তাঁর গাড়ি চালককে আটক করেছিল গোপালনগর থানার পুলিশ। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গোপালনগর থানার পলতা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে আদিবাসী নেতা সুকুমার সরদারের গাড়ির চালক সুকান্ত সরদারকে আটক করেছিল গোপালনগর থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরুর আগেই গাড়ির চালকে ছাড়াতে থানায় আসেন আদিবাসী নেতা সুকুমার সরদার। তাঁর দাবি, নির্দোষ তাঁর গাড়ির চালক সুকান্ত। তাঁকে এখনই ছেড়ে দিতে হবে। পুলিশ তাঁকে না ছাড়ায় উত্তেজিত হয়ে ওঠেন সুকুমারবাবু। পুলিশ তদন্তের পর বিকেল গড়িয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ওই আদিবাসী নেতা। সেই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ ত্রিশূল, তীর, ধনুক নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদিবাসী নেতা সুকুমার সরদারের গাড়ির চালককে সন্দেহ জনক ভাবে গত শনিবার আটক করে গোপালনগর থানার পুলিশ। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের নেতাকে আটক করে হেনস্থা করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার দুপুরে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। সুকুমারবাবু বলেন, এই ভাবে তাঁর চালককে থানায় তুলে আনা হল কেন তাঁর জবাব দিতে হবে পুলিশকে। এছাড়া যারা প্রকৃত দোষিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনি আসামিরা কিভাবে জামিন পেয়ে যাচ্ছে সেগুলি লক্ষ্য রাখতে হবে। এরপর গোপালনগর থানার ওসি এবং এসডিপিও বাগদা, আন্দোলনকারীদের আশ্বস্ত করে সমস্যা সমাধান করবার জন্য থানাতে এসে আলোচনা করতে প্রতিনিধি দল নিয়ে আসবার জন্য অনুরোধ করে। এরপর বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।

