প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৬ মে:
রাজ্যে জারি হওয়া লক ডাউন সফল করতে সকাল থেকে সক্রিয় ভূমিকায় দেখা গেলো ব্যারাকপুর মহকুমা পুলিশ কর্মীদের। করোনাভাইরাস এর শৃঙ্খল ভাঙতে জনজীবনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে লক ডাউনের বিধি নিষেধ কে কঠোরভাবে পালন করার পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।
রাজ্য সরকার সিদ্ধান্ত আজ থেকে ১৫ দিনের জন্য জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সেই সিদ্ধান্তকে কার্যকরী করতে ব্যারাকপুর মহকুমা পুলিশ কর্মীদের সক্রিয় ভূমিকায় দেখা গেলো লক ডাউনের প্রথম দিন। ব্যারাকপুর চিড়িয়া মোড় অঞ্চলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নাকা চেকিং করতে দেখা গেল। এছাড়াও টিটাগড়, সোদপুর অঞ্চলেও বি টি রোডের ওপর জায়গায় জায়গায় নাকা চেকিং করতে দেখা গেলো পুলিশ কর্মীদের।
এদিন রাস্তায় বের হওয়া ব্যক্তিদের থামিয়ে লক ডাউনের মধ্যে তাদের বাড়ির বাইরে বেরোনোর কারণ জানতে চাইছিলেন পুলিশ কর্মীরা। লক ডাউনে যে বিষয়গুলিতে ছাড় দেওয়া হচ্ছে সেগুলির উপযুক্ত প্রমাণ সাথে থাকলে তবেই ওই ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
ওপর দিকে লক ডাউনের মধ্যে ১০ টা বেজে গেলেও ব্যারাকপুরের যে সমস্ত অঞ্চলে দোকান বাজার খোলা ছিল, সেখানে লক ডাউন কার্যকর করা জন্য লাঠি হাতে রাস্তায় নামতে দেখা গেল পুলিশ কর্মীদের। বীজপুর থানার পুলিশ কর্মীরা গান্ধী মোড় থেকে বাগমোড় পর্যন্ত গোটা এলাকায় একাধিক বাজারে অভিযান চালায়। লাঠি হাতে লকডাউন অমান্যকারীদের কড়া বার্তা দেন পুলিশ আধিকারিকরা। কোথাও কোথাও মানুষকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করতে দেখা গেছে পুলিশ কর্মীদের।

