সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৩ জুন: এক নাবালিকার বিয়ে নিয়ে অশান্তির সূত্রপাত। সেই ঘটনায় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাল্টা গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। ভাঙ্গচুর করা হয় পুলিশের জিপ। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকার।
স্থানীয় সূত্রের খবর, এক নাবালিকার বিয়ে নিয়ে দুই পরিবারের অশান্তি হয়। মেয়েকে ফেরত আনতে গেলে, নাবালিকার পরিবারকে আটকে রাখে ছেলের পরিবার। এমনই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় পুলিশকে লক্ষ্য করে গ্রামবাসীরা ইট, পাথর ছোড়ে।
পাল্টা পুলিশ লাঠি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ।ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে এবং পুলিশেরগাড়ি ভাঙ্গচুর করা হয়েছে।
অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ, ওই ঝামেলা নিয়ে যে বাড়িতে অশান্তি হচ্ছিল সেখানে পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে এবং পরবর্তীতেপার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে এক গৃহবধূকে মারধর করে। তারপর এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করে জানানো হয়েছে, ঘটনার সময় পুলিশকে আক্রমণের ফলে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে গৃহবধূ পড়ে গিয়ে আহত
হন, পুলিশ কোনওরকম মারধর করেনি।

